আদিতমারীতে দুর্বৃত্তরা ভেঙে দিল এক মৎস্য চাষির স্বপ্ন
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুর্বৃত্তরা রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে এক মৎস্য চাষির সব মাছ মেরে ফেলেছে। সোমবার রাতে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের জামাইটারী ৯ নং ওয়ার্ডের একটি পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা সব মাছ মরে পচে যায় এবং পানির ওপরে ভেসে ওঠে।
ভুক্তভোগীর দাবি তিনি ওই পুকুরে মাছ চাষের জন্য প্রায় তিনলক্ষ টাকা ব্যয় করেছেন। ভুক্তভোগী ওই মৎস্য চাষির নাম কাচু মিয়া। তিনি ৮ নং ওয়ার্ড গিলাবাড়ী এলাকার সামছুল হকের ছেলে। পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো: নুর আলম মিয়া। এ ঘটনায় ওই ভুক্তভোগী কাচু মিয়া বাদী হয়ে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আদিতমারী থানার ওসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
ভুক্তভোগী কাচু মিয়া বলেন, ‘আমি বহুদিন থেকে মানুষের পুকুর লিজে নিয়ে সেখানে মাছ চাষ করি। আমি গত প্রায় ১৫ দিন আগে পুকুরে মাছ ছাড়ি। আমার জমানো ১ লক্ষ ৬০ হাজার টাকা ও ব্র্যাক সমিতি থেকে ১ লক্ষ টাকা ঋণ নিয়ে মাছ ছাড়াসহ মাছ চাষের জন্য অন্যান্য আনুষঙ্গিক খাতে মোট ৩ লক্ষ টাকা ব্যয় করি।
গত সোমবার রাতে দুর্বৃত্তরা আমার পুকুরে বিষ ঢেলে দিয়ে সব মাছ মেরে ফেলে। ওই পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। মাছগুলো মরে গিয়ে পচে যায় এবং পানিতে ভেসে ওঠে। এর ফলে মঙ্গলবার সকালের পর আশেপাশের অনেকেই ওই পচে যাওয়া কিছু মাছ নিয়ে যায়। বর্তমানে আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভাল না। মা-বাবাসহ পরিবারের সবাই আমার উপর নির্ভরশীল। মাছ চাষ ও ইটের ব্যবসার আয়ে আমার সংসার চলে। আমার অজান্তে কে বা কাহারা এই ঘটনা ঘটিয়ে আমার সব স্বপ্ন ভেঙে দিলো। সমিতিতে প্রতিমাসে আমাকে ১০ হাজার টাকা কিস্তি দিতে হয়। এখন আমি বুঝে ওঠতে পারছি না যে কীভাবে সংসার চালাবো আর কীভাবেই বা সেই মাসিক কিস্তি দিবো’।
ভুক্তভোগী আরও বলেন, ‘৩০ এপ্রিল (মঙ্গলবার) উপজেলা মৎস্য কর্মকর্তা আমার পুকুর পরিদর্শন করতে এসেছিলেন। তিনি আমার পুকুরের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে গেছেন। এছাড়াও পুলিশ প্রশাসন থেকেও প্রতিনিধি এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। আমি সবার কাছে আমার কষ্টের কথা বলেছি এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছি।’
সাপ্টিবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: নুর আলম মিয়া বলেন, ‘কাচু আজ আমাকে ফোনে বিষয়টি বিস্তারিত জানিয়েছে। পুকুরে বিষ প্রয়োগের ঘটনাটি সত্য। আমি কল্পনাও করতে পারিনি যে, কেউ তার এতো বড় ক্ষতি করবে। আমি আজ রাতেই তার সাথে দেখা করবো। তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানাই।’
আদিতমারী উপজেলার মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সার্বিক খোঁজখবর নেয়া হচ্ছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
