সুন্দরবনে বাঘের মৃতদেহ উদ্ধার
সুন্দরবনে আন্ধারিয়া খালের মুখ থেকে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধায় আন্ধারিয়া খাল থেকে উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে আসে বনরক্ষীরা।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, সন্ধায় বাঘের মৃতদেহটি উদ্ধার করে বনরক্ষীরা নিয়ে এসেছে। প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা এলে এটির ময়নাতদন্ত সম্পন্ন হবে।
সুন্দরবনের বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর বনরক্ষীরা গেছেন। বাঘটিকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে মারা গেছে বাঘটি।
তিনি আরও বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি, মৃত্যুর কারণ জানার জন্য বাঘটির বয়স-সহ অন্যান্য বিষয়গুলিও বন বিভাগ অনুসন্ধান করবে বলে জানা গেছে।
