রাজশাহী সংবাদদাতা
শব্দ চয়নে সচেতন থাকার আহ্বান প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের
যেকোনো ধরনের সংবেদনশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে সচেতনতার সাথে শব্দ চয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে ‘প্রান্তিক জনগোষ্ঠীর সংবেদনশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
নিজামুল হক বলেন, কোনো সংবাদ যখন লেখা হয়, তখন এর শব্দগুলো সাংবাদিকরাই প্রথমে ব্যবহার করে এবং পরে তা জনগণের কাছে প্রচারিত হয়। আর সেটা পড়েই সবাই বুঝতে পারে যে, কেমন সংবাদ লেখা হয়েছে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, সময়ের বিবর্তনে মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটছে। এখন কোনো শব্দ ছয় মাস থাকবে কি না তা কেউই বলতে পারে না। ক্রমশই বিভিন্ন শব্দ বিবর্তিত হচ্ছে। কখনো-কখনো শব্দের বিকৃত রূপ মানুষের মুখে উচ্চারিত হয়, এটা শোভনীয় নয়। এ ক্ষেত্রে সংবেদনশীল শব্দ ব্যবহার করা অতীব জরুরি। সংবেদনশীল শব্দ ব্যবহারে চিন্তা-চেতনার পরিধি আরও বৃদ্ধি করতেও সাংবাদিকদের পরামর্শ দেন তিনি।
সাবেক এই বিচারপতি আরও বলেন, একজন হিজড়াকে হিজড়া বলতে কোনো সমস্যা নেই। তবে শুধু পরিচিতির জন্য নাম পরিবর্তন করলেই কোনো উপকার হবে না, তাদের সম্পদের ভাগ নিশ্চিত করতে হবে। সম্পদ ভাগের ক্ষেত্রে সবার কথা উল্লেখ থাকলেও তৃতীয় লিঙ্গের মানুষ কি পাবেন? সেটা কোথাও উল্লেখ নেই। সমাজের বঞ্চিত এমন সব জনগোষ্ঠীর মানুষের নিবৃত দুঃখ-বেদনা নিয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
