ফু্লবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক কারাগারে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাদল মিয়া (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার দুপুরে ওই ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে অবৈধ প্রবেশ করে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে সন্দেহজনক অবস্থায় ঘুরাফেরা করছিল। এমন খবরে বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বালারহাট বাজার থেকে ওই ভারতীয় নাগরিককে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ১২টার দিকে বালারহাট ক্যাম্পের বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ (পার্সপোট আইনে) মামলা দায়ের করে থানায় সোর্পদ করে। আটক ওই ব্যক্তির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সীমান্তবর্তী নট্টবাড়ী করলা গ্রামের জাহিদুল মিয়ার ছেলে।
ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা করেছে এবং ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে।
