হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের সাধুরবাজার এলাকায় মোকসেদ আলী (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্য ও এলাকাবাসীর দাবি, তিনি তিস্তার চরে ভুট্টা ক্ষেতের মাঝে একটি গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত মোকসেদ আলী গড্ডিমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সফিয়ার রহমান। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) জানিয়েছেন আইনানুগ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করা যাচ্ছে না।
ইউপি সদস্য মো. সফিয়ার রহমান বলেন, ‘আজ রোববার সকাল ১১টার দিকে তিস্তার চরে ভুট্টাক্ষেতে পানি দিতে গিয়ে কিছু মানুষ তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সবাইকে খবর দেন। খবরটি শোনার পর আমি ও আরও কিছু লোকসহ ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি শত শত মানুষ ভিড় জমিয়েছে। অতঃপর আমি ও অন্য একজন ব্যক্তি হাতীবান্ধা থানায় খবর দিই। খবর পেয়ে সেখানে পুলিশ সদস্যরা আসেন। পুলিশ এসে পরিবারের সদস্যদের নিয়ে তার লাশ গাছ থেকে নামায়। তিনি কিভাবে মারা গেলেন সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন’।
তিনি আরও বলেন, ‘মোকসেদ অনেক ভাল লোক ছিল। আজ সকাল ৮টার দিকে তিনি আমার মোবাইল ফোনে কল দিয়েছিলেন। কিন্তু আজকেই এমন ঘটনা ঘটবে আমি বিশ্বাস করতে পারছি না’।
স্থানীয়রা জানান, তিনি অনেক হাসিখুশি মানুষ ছিলেন। এলাকায় বিচার শালিশ করতেন। তার দুইজন স্ত্রীর মধ্যে একজন মোছা. হামিদা বেগম গড্ডিমারী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য। আজ সকালে তার ঝুলন্ত লাশ দেখে আশেপাশের সবাই বিস্মিত হয়। নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন, ‘খবরটি পাওয়ার মাত্র আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। আইনানুগ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করা যাচ্ছে না।’
