চট্টগ্রামে হিটস্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
চট্টগ্রামে নিজের কর্মস্থলে যাওয়ার সময় হিটস্ট্রোকে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে বোয়ালখালীর কালুরঘাটে ফেরি পারাপারের সময় এ ঘটনা ঘটে।
মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
জানা যায়, সকালে নগরের চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। এরমধ্যে তীব্র গরম ও প্রখর রোদের মধ্যে ফেরিতে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যান তিনি। পরে তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী অধ্যাপক মো. ইব্রাহিম বলেন, সকাল ৯টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে ওঠেন ওই শিক্ষক। এরপর হঠাৎ ফেরিতে ঢলে পড়েন। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, রোববার দুপুর ২টায় খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে কুতুবদিয়ার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
