চট্টগ্রামে গণপরিবহন ধর্মঘটে জন দুর্ভোগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের জেরে গাড়ি পোড়ানোর প্রতিবাদে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
রবিবার সকালে নগরের নতুন পাড়া, অক্সিজেন, ২ নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দারহাটসহ কয়েকটি জায়গা ঘিরে এসব ভোগান্তি চোখে পড়ে। গরমে একদিকে অস্থির অবস্থা। এরমধ্যে আবার পরিবহন ধর্মঘটে নাজেহাল অবস্থা হয়েছে জরুরী প্রয়োজনে বাসার বাইরে বের হওয়া মানুষের।
সকালে বহদ্দারহাট নতুনব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে, লোহাগাড়া, সাতকানিয়া, আমিরাবাদগামী যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না। তবে, গুটিকয়েক মাইক্রোবাস থাকায় তাতে করেই কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে শহর ছাড়ছেন তারা।
বহদ্দারহাটের কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. লোকমান বলেন, ‘আমার বাড়ি লোহাগাড়ার আমিরাবাদ এলাকায়। নতুন ব্রিজ এসে দাঁড়িয়ে আছি দেড় ঘণ্টা। ধর্মঘটের কারণে বাস বন্ধ থাকায় যেতে পারছি না।’
এদিকে ধর্মঘটের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে অসহনীয় দুর্ভোগ। উপায় না পেয়ে জরুরি কাজে বের হওয়া অনেক যাত্রী কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে শহরে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় মিনি পিকআপ ভ্যানে উঠেও অনেক মানুষকে গন্তব্যে যেতে দেখা গেছে।
এদিকে চার দফা দাবিতে এই ধর্মঘট ঘিরে বিভিন্ন স্থানে নৈরাজ্যের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস। লাঠিসোঁটা হাতে নগরেও বাস চলাচলে বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, ধর্মঘট চলাকালীন বাস চালানোর কারণে পরিবহণ শ্রমিকরা চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় একটি দোতলা বাসে ভাঙচুর করে। তবে পুলিশ আসার আগে বিক্ষুব্ধ শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘আমার জানামতে, ধর্মঘট আন্তঃজেলার পরিবহনের জন্য। কিন্তু বহদ্দারহাট মোড়ে আমার মেট্রো প্রভাতীর তিনটি বাস আটকে রাখা হয়েছে। বাসগুলোর সিট উপড়ে ফেলে দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে আমি এর যথাযথ বিচার চাই।’
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ‘বহদ্দারহাট মোড়ে কয়েকটি গণপরিবহন আটকে রাখার খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।’
