জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই
বিএনপি নেতা সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।
শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আব্দুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে কথা হয়েছে। এর বাইরে আর কোনো চিন্তা নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথা বলা হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে কোনভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।
তিনি আরও বলেন, ইসরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য স্পষ্ট করবে।
এছাড়া, নির্বাচনী প্রচারনণায় পোস্টার ছাড়া বিলবোর্ড ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে না হয় সেদিকটা যেমন দেখতে হবে, তেমনি প্রচারণা যেন বাধাগ্রস্ত না হয় সেটিও বিবেচনায় রাখতে হবে।
এর আগে গৌরাঙ্গবাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় আব্দুস সালাম বলেন, বিএনপি কোনো সম্প্রদায়িক দল নয়। বিএনপি কখনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। বিএনপিকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু অতিতেও কখনো সেটা সফল হয় নাই, আগামীতেও হতে দেওয়া হবে না।
মত বিনিময় সভায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন।
