আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার
শরীয়তপুর আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো: বাবু ফকির(২৫) নামক সেই যুবককে ফের গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাত ৪ টার সময় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: আহসান হাবিব।
পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার পালং মডেল থানায় রুজু হওয়া ৩৯/১৭২ নং হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি মো: বাবু ফকির পালিয়ে গেলে পুনরায় তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। মো: বাবু ফকির সদর উপজেলার পূর্ব কোটাপাড়া গ্রামের মো: মিয়াচান ফকির ও দালমা বেগমের ছেলে। আটকের পর মো: বাবু ফকিরকে পালং মডেল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য: গত বুধবার রাতে নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া রাড়ী কান্দি গ্রামের মৃত আমিন উদ্দিন ফকিরের ছেলে মোহাম্মদ আলী মাদবর নিখোঁজ হয়। পরদিন শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া মাদবরের বাড়ির সামনের পুকুর থেকে মোহাম্মদ আলী মাদবরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। এরপর গতকাল শুক্রবার ভাইকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে অজ্ঞাত আসামিদের নামে পালং মডেল থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই কেরামত আলী মাদবর।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতের এজলাসের সামনে থানা ও কোর্ট পুলিশের তত্ত্বাবধানে ছিল আসামীরা। এসময়, মো: বাবু ফকির নামক ঐ আসামি পালিয়ে যায়। অভিযান চালিয়ে পুনরায় মো: বাবু ফকিরকে রাজধানীর টিকাটুলি থেকে গ্রেফতার করা হয়েছে। পুনরায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
শরীয়তপুরের নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: আহসান হাবিব 'দ্য নিউজ'কে বলেন- আসামি মো: বাবু ফকিরকে আদালতে জবানবন্দি দিতে নিয়ে গেলে আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ার সাথে-সাথেই আমরা সারা জেলার পুলিশ মিলে চিরুনি অভিযান শুরু করি। যার ফলে রাত প্রায় ৪ টার সময় ঢাকা থেকে পালিয়ে যাওয়া আসামি মো: বাবু ফকিরকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হই।
