পানি ভেবে বিষপান, মুদি ব্যবসায়ীর মৃত্যু
চলমান তাপদাহে হাঁসফাঁস করছে জনজীবন। তীব্র গরমে যেহেতু শরীর ঘামছে তাই একটু পরপর পানি পিপাসা লাগবে এটাই স্বাভাবিক ব্যাপার। মুদি ব্যবসায়ী শহিদুজ্জামান শহিদ (৪০) দোকানে থাকা অবস্থায় পানি পিপাসা পায়। এমন সময় তৃষ্ণা নিবারণের জন্য কোমল পানীয় ভেবে আগাছানাশক পান করেন তিনি। দোকানে বিক্রির জন্য তিনি আগে থেকেই কোমল পানীয়ের বোতলে ওই বিষ রেখেছিলেন।
আগাছানশক পান করার কিছুক্ষণের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে যায়। এসময় তাকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
শুক্রবার রাতে উপজেলার ঝিটকিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। শহিদুজ্জামান মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নিজ দোকানে বসে হঠাৎ পানি পিপাসা পায় শহিদুজ্জামানের। এসময় তার দোকানে রাখা কোমল পানীয়ের বোতলে রাখা ঘাস মারা বিষ সেবন করেন।
নিহতের ভাই সাজেদুল ইসলাম জানান, প্রথমে তাকে পল্লী চিকিৎসক আব্দুস সামাদের কাছে নিলে তিনি ওয়াশ করে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ি নিয়ে আসার পর আবার অসুস্থ হয়ে পড়লে পার্শ্ববতী চুন্নিরআইট গ্রামের পল্লী চিকিৎসক দুলালের কাছে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
ভৈরবা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
