চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ছুঁই ছুঁই
চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ। এতে ওষ্ঠাগত হয়ে পড়েছে এখানকার মানুষের জনজীবন। গরমে অস্বস্তি বেড়েছে কয়েকগুণ। আজ ২৭ এপ্রিল শনিবার বিকেল ৩ টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তাপদাহের মধ্যে স্বস্তির বৃষ্টির আশায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় সালাতুল ইসতিসকা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই নামাজের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেশি পেশার নানা বয়সী মানুষ।
ধর্মীয় বয়ান শেষে দুই রাকআত সুন্নতের সালাতুল ইসতিসকা নামাজ শুরু হয়। পরে আরবী খুতবা শেষে মহান আল্লাহর দরবারে হাত তোলেন মুসল্লিরা। মোনাজাতের মাধ্যমে আল্লাহুম্মা আল্লাহুম্মা ধ্বনিতে মুখর হয়ে ওঠে টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণ। এসময় বৃষ্টির জন্য ফরিয়াদ করে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।
দামুড়হুদা উপজেলা উলামা পরিষদের আয়োজনে এ নামাজ পরিচালনা করেন সংগঠনটির সাবেক সভাপতি মুফতি রুহুল আমিন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আজ ২৭ এপ্রিল শনিবার চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আদ্রতা ছিল ৪৮ শতাংশ। বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এমন পরিস্থিতি থাকবপ তাপমাত্রা আরও বাড়তে পারে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে হিট এলাট মেনে চলতে। যেহেতু হিট স্ট্রক হচ্ছে। সেহেতু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে সবার যে অবলম্বন বিশেষ করে কৃষি, গবাদি পশু-পাখির প্রতি যত্নশীল হতে হবে এ মুহূর্তে। তিনি আরও বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য ও নির্দেশনা দেওয়া হচ্ছে সে অনুযায়ী মাইকিং করা হচ্ছে।
