জেলে পল্লীতে পরিবারের হাল ধরতে জাল বুনছে নারীরা
উপকূলীয় সাতক্ষীরার তালা উপজেলার গোনআলি এলাকা। এখানকার অধিকাংশ মানুষ মৎস নির্ভর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রতিকূল পরিবেশে পুরুষের পাশাপাশি পরিবারের হাল ধরছেন নারীরা।
জানা যায়, উপজেলার গোনআলি এলাকায় প্রায় দেড় শতাধিক জেলে পরিবার। বেসরকারি সংস্থা উত্তরণের এসআরএম প্রকল্পের আওতায় জেলে পরিবারের নারী সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়। এ প্রশিক্ষণ নিয়েই জাল বুনে নারীরা নিজেদেরকে করে তুলছেন স্বাবলম্বী।
সুত্র জানায়, একটি জাল ২শ হাত লম্বা হয়ে থাকে। প্রতিটি জালে প্রায় ৪০/৪৫ হাজার টাকা মজুরি হয়ে থাকে। সংসারের যাবতীয় কাজ সেরে জাল বোনার কাজ করে এইসব পরিবারের নারীরা। যা তাদের পরিবারকে সহায়তা করে। ৮০/৮৫ হাজার টাকা খরচ করে জাল বুনলে ১ লাখ থেকে ১ লাখ ৩০ হাজার টাকায় সেই জাল বিক্রি করা যায়।
এ এলাকার জয়দেব বিশ্বাসের স্ত্রী আসমা রানী। তিনি জানান, তার পরিবারের পাচঁ জন সদস্য। সরকারের নিষেধাজ্ঞা, ঝড়, বন্যায় আয়ের উৎস বন্ধ থাকে আমাদের। এরপরে উত্তরণ আমাদের প্রশিক্ষণ এবং উপকরণ দেন। যা নিয়ে পরিবারের হাল ধরতে এখন নিয়মিত জাল বুনি।
তিনি আরও জানান, একটা জাল বুনতে আমাদের প্রায় বারো থেকে পনেরো জন কর্মীর এক মাস লাগে। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।
এ বিষয়ে প্রকল্প পরিচালক দিলীপ কুমার সানা বলেন, ‘নারীরা যে জাল বুনছে সেটি নারীর ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে একদিকে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছে, তেমনি তাদের পরিবারও আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছে। এক্ষেত্রে তাদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া তাদের সবধরনের সহযোগিতা করবে উত্তরণ।’
