বাঁশঝাড়ে মিললো নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ
সাভারের আশুলিয়ায় একটি বাঁশঝাড়ের ভেতর থেকে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম আনজু খাতুন। তিনি আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার ঘাগুয়া এলাকায়।
পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়রা একটি বাঁশঝাড়ের ভেতর একটি নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এসময় নিহতের গলায় একটি আইডি কার্ড দেখা গেছে। সেই আইডি কার্ড থেকে জানা যায়, নিহত ওই নারীর নাম আনজু খাতুন এবং তিনি হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন।
হামীম গ্রুপের টিআইএসডব্লিএস-১ (TISWL-1) কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল হোসেন বলেন, আনজু খাতুন নামে এক নারী শ্রমিক বৃহস্পতিবার রাত ৯ টা ১৫ মিনিটের পরে কারখানা থেকে বাসায় যান। কিন্তু আজ সকালে তিনি কারখানায় আসেননি। পরে লাইনের সুপারভাইজার আনজুকে কল দিলেও আনজু ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা করছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
