গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, নিহত ১
গাজীপুরের কোনাবাড়ীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। নিহত সাইমুন ইসলাম (৩৭) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কানুহাড়ী গ্রামের শামসুল আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন, গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী।
শুক্রবার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এর কোনাবাড়ী বিসিক ৬ নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে কোনাবাড়ি এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইল মুখী একটি সিএনজি বেপরোয়া গতিতে এসে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালকসহ অপর ৪ যাত্রী গুরুতর আহত হলে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
