ফুলবাড়ী সীমান্তে মাঝ রাতে ৯ বাংলাদেশি পুশ ইন, রৌমারীতে ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ
ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে পুশইন।
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাঝ রাতে ৯ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। এদিকে রৌমারী সীমান্তে এলাকাবাসীর বাধায় পুশ ইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটান বলে অভিযোগ বিএসএফের বিরুদ্ধে।
বিজিবি জানায়, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর ধর্মপুর সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩ এর পাশ থেকে ৮শ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে বুধবার রাত সাড়ে ৩টার দিকে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পরে তাদেরকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে বিজিবি।
আটকরা হলেন, ফুলবাড়ী উপজেলার বজরের খামার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাহাদুর ইসলাম, আব্দুল হকের মেয়ে আমিরন বেগম, নচিয়তুল্লাহর মেয়ে মিনা বেগম, ওবায়দুল ইসলামের মেয়ে রুমি খাতুন, মোজাম্মেল হকের ছেলে আপেল মিয়া, আপেল মিয়ার ছেলে রিদয় ইসলাম, আমিনুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ, জয়নাল আবেদীনের মেয়ে জুই আক্তার ও মীম আক্তার।
এদিকে রৌমারী ইউনিয়নের ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের কাছ দিয়ে ভারতের আসাম রাজ্যের শাহাপাড়া বিওপির বিএসএফ কয়েখজন নাগরিককে পুশ ইনের চেষ্টা করে। বুঝতে পেরে বাংলাদেশের ওই সীমান্তের লোকজন সোরগোল বাধালে পুশ ইনে ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ করে চলে যায় বিএসএফ।
বিজিবির রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা জানান, সীমান্তের ওপারে বিএসএফের কয়েকটি গাড়ি কাঁটাতারের কাছে দেখা গেছে। এ নিয়ে বাংলাদেশের গ্রামবাসী হৈ-হুল্লোড় করে। পুশ ইন কিনা ঠিক জানা যায়নি। সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল দিচ্ছে বিজিবি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, আটকদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ছালাম জানান, বৃহস্পতিবার দুপর ২টায় নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
দ্য নিউজ/এসএ
