কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগী হত্যার অভিযোগ, পালিয়েছে কর্তৃপক্ষ
কুমিল্লায় নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নামের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাজী সোহেল (৩৪) নামে এক রোগীকে হত্যার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। ঘটনার পর পর নিরাময় কেন্দ্র থেকে সকলে পালিয়ে যান। শুক্রবার রাত সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঢুলিপাড়া চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ২১ ফেব্রুয়ারিতে কাজী সোহেলকে নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকালে স্ত্রী স্মৃতি আক্তারসহ পরিবারের লোকজন ভালো দেখে এবং রোগী নিজেই বলেন আমি সুস্থ আমাকে নিয়ে যাও। পরে সন্ধ্যায় নিউ যত্ন মাদকাসক্তি থেকে কল করে বলা হয় আপনারা দ্রুত আসেন রোগীর সমস্যা হইছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হইছে। স্বজনরা আসার পর মেডিকেলে গেলে রোগীকে না পেয়ে নিউ যত্ন মাদকাসক্তিতে আসলে রোগীর লাশ দেখতে পায়। প্রতিষ্ঠানের লোকজন টালবাহানা করে বলে রোগী ফাঁস দিয়েছে, আমরা মেডিকেলে নিতে নিতে সে মারা গেছে। মেডিকেলে রোগী থাকলে তাকে ময়নাতদন্ত করা হবে। তাই আমরা নিয়ে আসছি। এখন তাকে বাড়িতে নিয়ে যান।
ফাহিমা নামে একজন বলেন, আমার বোন জামাই কাজী সোহেল সুস্থ মানুষ, তাকে তারা মেরে ফেলছে। আমি আসার পর জানছি এখানে এর আগেও তাদের অবহেলার কারনে আরও রোগীর মৃত্যু হয়েছে। নিউ যত্নের সকলের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কাজী শিমুল নামে আরেকজন বলেন, এ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি টর্চার সেল। এটার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাদের নেই কোন অভিজ্ঞতা, নেই কোন সার্টিফিকেট। ম্যানেজার নিজেইতো মাদক খায় তাকে ডোপ টেষ্ট করা করুন। তাকে ধরতে পারলে আরও তথ্য পাওয়া যাবে।
নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সকলে পালিয়ে যাওয়াই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ আসছে। আমরা প্রতিষ্ঠানের কাউকে না পেয়ে লাশ উদ্ধার করেছি। আপাতত ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। পরিবার মামলা করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
