নিহতদের ৫ লাখ, আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা
সাজেকে সড়ক দুর্ঘটনা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের ৯০ ডিগ্রি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের বিআরটিএর পক্ষ থেকে প্রতি জনকে ৫ লাখ টাকা এবং আহতদের ২ লাখ টাকা করে দেওয়া হবে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
এছাড়া মরদেহ পরিবহনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ইউএনও শিরীন আক্তার।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সাজেক থানা থেকে ৫ জনের মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
নিহত ৯ জনের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছেন বাঘাইছড়ি পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে আহির উদ্দিন এবং তার ছেলে সামিউলকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪ জন জানিয়েছেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পি চাকমা।
প্রসঙ্গত, বুধবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে রাঙামাটির সাজেক ইউনিয়নের সীমান্ত সড়কের উদয়পুর নব্বই ডিগ্রি পাহাড় এলাকায় নির্মাণ শ্রমিকবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক ও পুলিশ সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। এতে ঘটনাস্থলে ৫ জন মারা যায়। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যায়। নিহত এবং আহত প্রত্যেকের বাড়ি ময়মনসিংহ, গাজীপুর এলাকার বলে জানা গেছে।
