চকরিয়ায় দুই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
কক্সবাজারের চকরিয়া ডুলাহাজরা রেলওয়ে স্টেশনের ১৫০ গজ সামনে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজার অভিমুখে ছেড়ে আসা লোকাল ট্রেন ঈদ স্পেশাল-৯ ট্রেনের ইঞ্জিন ও সামনের ২টি বগি লাইনচ্যুত হয়। সকাল ১০ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ডুলাহাজারা রেলওয়ে স্টেশন মাস্টার এসএম আবদুল মন্নান বলেন, ‘চট্টগ্রাম থেকে সকাল ৭টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনটি ডুলাহাজারা স্টেশনে প্রবেশের সময় প্রথম সিগনালে ত্রুটিজনিত কারণে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ১টা নাগাদ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। কক্সবাজার রেলওয়ের এসআই আবুল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে তদন্ত টিম রয়েছে। নাশকতা কিনা বিস্তারিত জানা যাবে তদন্তের রিপোর্টের পর। এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।’
