শেরপুরে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড
ছবি : সংগৃহীত
শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার এক কলেজ শিক্ষার্থীকে মোবাইল ফোনে ইভটিজিং ও অশ্লীল মেসেজ দিয়ে উত্তক্ত করার অভিযোগে রবিন মিয়া (২২) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্ত যুবক শ্রীবরদী উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মেঘাদল গ্রামের নুরা আলম মিয়ার ছেলে।
জানা গেছে, শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার ওই শিক্ষার্থী ময়মনসিংহের একটি কলেজে লেখাপড়া করে। দীর্ঘদিন ধরে রবিন মিয়া মোবাইল ফোনে ওই মেয়েকে উত্তক্ত ও অশ্লীল মেসেজ দিয়ে ইভটিজিং করে আসছিল। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও রবিন তা আমলে নিচ্ছিল না। ফলস্বরূপ সোমবার বিকেলে ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রমাণের ভিত্তিতে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক এই দণ্ডাদেশ প্রদান করেন।
শ্রীবরদী উপজেলা পরিষদের (সিএ) মো. কামারুজ্জামান আবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত যুবক রবিনকে শ্রীবরদী থানা পুলিশের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দ্য নিউজ/ এমআরএন
