গাইবান্ধায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
আমাদের একটাই দাবি, দ্রুত রাস্তা সংস্কার চাই”—এই দাবিকে সামনে রেখে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সচেতন এলাকাবাসীর আয়োজনে রোববার সকাল ১১টায় বাঁধের মাথা (নতুন ব্রিজ) থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত সড়কের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
“রাস্তা চাই, ভোগান্তি না”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকায় গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গর্তে ভরা রাস্তার কারণে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ হাজারো পথচারী ও যানবাহনের চালকরা। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে । তারা আরও বলেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। জনগণের প্রাণের দাবি—এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দ্রুত সংস্কার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল, জেলা বিএনপির সাবেক সভাপতি ও খোলাহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী, গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
দ্য নিউজ/এসএ
