চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে করার দাবিতে মানববন্ধন
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে শহরের চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চীনের বাংলাদেশে ৩টি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবের অংশ হিসেবে রংপুর বিভাগের মধ্যে একটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। আজ বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, বেলা ১২টায় এই মানববন্দন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে উন্নত চিকিৎসা সেবার জন্য কোনো বড় হাসপাতাল নেই। এই দুটি জেলার জনগণকে উন্নত চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় যেতে হয়, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। অনেক সময় রাস্তায় চলার পথে রোগীরা মৃত্যুবরণ করেন। তাই এই অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক হাসপাতাল অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, চীন সরকারের এই প্রস্তাব ঠাকুরগাঁও জেলার জনগণের জন্য একটি বড় সুযোগ। এই হাসপাতালটি স্থাপিত হলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুর জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা পেতে পারবেন এবং দীর্ঘ যাত্রার কষ্ট থেকে মুক্তি পাবেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চীনের এই প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়ে হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে স্থাপনের জোর দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দ্য নিউজ/ এমআরএন
