প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
নরসিংদীর পলাশে মাদ্রাসার ৭ম শ্রেণির এক কিশোরীকে কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সাকিব মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক নামক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাকিব মিয়া কুমারটেক গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সাকিব মিয়া মাদ্রাসায় পড়ুয়া ওই কিশোরীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেওয়াসহ উত্যক্ত করতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠে। সেই প্রেমের সম্পর্কের সুযোগে সম্প্রতি ওই কিশোরীর সাথে কথা বলার প্রস্তাব দিয়ে একই গ্রামের কারিমা (৩৫) নামে এক মহিলার ফাঁকা বাসায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে সাকিব মিয়া। পরে সেখান থেকে ওই কিশোরী দৌঁড়ে পালিয়ে আসেন।
এরপর লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে না জানানোর ফলে গত (১৬ এপ্রিল) আবারও ওই কিশোরীকে কুপ্রস্তাব দিলে বিষয়টি সামাজিকভাবে জানাজানি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলে (রবিবার ২১ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে বলেও জানান ওসি।
