এবার হিটস্ট্রোকে মাধবদীতে ব্যবসায়ীর মৃত্যু
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে হিটস্ট্রোকে শেখেরচর বাবুরহাটের টি- শার্ট ব্যবসায়ী সাফকাত জামিল ইবান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাফকাত জামিল ইবান মাধবদী থানার ভগীরথপুর গ্রামের মৃত জাকারিয়ার ছেলে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদুল কবির বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয় নিহতের স্বজনরা জানায়, সাফকাত জামিল ইবান সকালে নারায়ণগঞ্জস্থ মামার বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে অংশ নেওয়া শেষে নিজ বাড়িতে ফিরেন। আসার পর সকাল থেকে অসুস্থবোধ করলে স্থানীয় একজন ডাক্তার প্রেসার মাপার পর তার ব্লাড প্রেসার নিচে দেখায়।
সাড়ে ১১ টার দিকে শারীরিকভাবে বেশি অসুস্থ হলে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে মৃত ঘোষণা করেন। হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক তারা।
এদিকে দেশব্যাপী চলমান তাপপ্রবাহে গতকাল ও আজ বিকাল পর্যন্ত হিটস্ট্রোকে ৭ জনের মৃত্যু হলো।
