মাদক ব্যবসার জেরে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুরের পোশাক শ্রমিক আব্দুল লতিফকে (২৮) মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মাদক ব্যবসার জেরে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৮টায় শ্রীপুর পৌরসভার বহেরারচাল মাদক ব্যবসায়ী শিরিনের বাড়িতে ওই যুবককে মারধরের অভিযোগ করে তার স্বজনেরা। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করে।
নিহত আব্দুল লতিফ শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (কড়ইতলা) এলাকার আব্দুল খালেকের ছেলে। অনুপস্থিতির কারণে গত কয়েকদিন আগে এস এস পোশাক কারখানা থেকে হারান তিনি। লতিফ নিজেও নিয়মিত মাদক সেবন করতো বলে জানায় এলাকাবাসী।
নিহতের ছোট বোন খাদিজা আক্তার (২৩) বলেন, ‘বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ঈদের দাওয়াতের কথা বলে মোবাইলে ফোন করে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার মাদক ব্যবসায়ী শিরিনের বাড়িতে ডেকে নিয়ে তার বন্ধু মোফাজ্জল হোসেন। পরে খাওয়া-দাওয়া শেষে বাড়ির বাহিরে বের হলে মোফাজ্জল আব্দুল লতিফকে বাঁশ দিয়ে এলাপাতাড়ি মারপিট করে।’
এলাকাবাসী জানায়, নাজমুল ইসলামের স্ত্রী শিরিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ প্রশাসনসহ স্থানীয়রা সকলেই তার মাদক ব্যবসার সমন্ধে অবগত। ঈদের আগে শিরিনের বাড়িতে একাধিকবার পুলিশ হানা দেয়। শিরিনের বাড়িতে পুলিশ যাওয়ার কারণে সন্দেহ করে ডেকে নিয়ে লতিফকে পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে তারা।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল ইসলাম জানান, ‘খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। শুক্রবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
