বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাস চাপায় গোলাম রসুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মোটরসাইকেলটিকে চাপা দেওয়া বাসের চালক-সহযোগী পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ।
নিহত গোলাম রসুল কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের মালেক তালুকদারের ছেলে।
স্থানীয়রা জানান, গোলাম রসুল সকালে বাড়ি থেকে বের হয়ে মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সাইনবোর্ড মোড়ে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বালেশ্বর পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, ‘খবর পেয়ে বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
