মামলায় পলাতক বিএসএফের গুলিতে আহত ইউপি সদস্য
ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে বিএসএফের রাবার বুলেটে গুলিবিদ্ধ হন লালমনিরহাটের ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নু। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) দায়ের করা মামলায় তাকে পলাতক দেখানো।
গত ১৬ এপ্রিল (মঙ্গলবার) তাকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বিজিবির সদস্যরা। কিন্তু ১৭ এপ্রিল (বুধবার) বিজিবির দায়ের করা মামলায় ওই ব্যক্তি ১৩ নম্বর আসামি হওয়া সত্ত্বেও তাকে পলাতক দেখানো হয়েছে। পুলিশ বলছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আর বিজিবি বলছে ওই ব্যক্তি সুস্থ হয়ে ফিরলে পুলিশ ব্যবস্থা নিবে।
সূত্র মতে, ১৭ এপ্রিল বুধবার বিকেলে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্পের হাবিলদার মাসুদুল হক বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯/১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় গুলিবিদ্ধ সাইফুল ইসলাম নান্নুকে ১৩ নম্বর আসামি করা হলেও তাকে পলাতক এবং আটককৃত ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তালুক দুলালী গ্রামের মৃত গফুরের ছেলে বেলাল হোসেন (৩০), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে এমদাদুল হক (৩৫) ও ফলিমারী গ্রামের কান্তিশ্বর বর্মনের ছেলে প্রদ্বীপ কুমার (২৪)।
এদিকে পলাতক রয়েছেন -এমদাদুল হক (৩৫), সাদ্দাম হোসেন (২৮), এমতা (২৭), সৈয়দ আলী (৩৫), সৈকত আলী (২৫), হাশেম আলী (৩০), জাহিদুল ইসলাম (৩৫), জামাল (৩০), আলামিন মিয়া (২৭) ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নু।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, ‘বিজিবি অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটককৃত ৩ জনসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৯/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটক ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গুলির বিষয়ে এজাহারে কিছু উল্লেখ নেই। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, ‘সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জনকে আটক করে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দেয়া হয়েছে। তবে গুলিবিদ্ধ সাইফুলকে চিকিৎসার জন্য রংপুরে রেফার করায় তাকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। মামলায় তাকেও আসামি করা হয়েছে। সুস্থ্ হয়ে ফিরলে পুলিশ ব্যবস্থা নেবে।’
প্রসঙ্গত, ভারতীয় গরু পাচার করতে মঙ্গলবার সন্ধ্যায় তালুক দুলালী বড় মালদি সীমান্তে ৯২১ নং পিলার এলাকায় কাটাতারের বেড়ার পাশে নিজের পরিচালিত চর্কা বসাতে যান গরু ব্যবসায়ী সাইফুল ইসলাম নান্নুসহ কয়েকজন ব্যক্তি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে সাইফুল ইসলাম নান্নু গুলিবিদ্ধ হয়ে পড়ে যান।
