খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুরে বিএনপির মানববন্ধন
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। এসময় দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিও জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে মামলার রায়ে দন্ডিত করা হয়েছে। চেয়ারপারসনের শারীরিক অবস্থা খুব খারাপ। এখনই তার সুচিকিৎসা প্রয়োজন। তার চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে না পারলে তাকে বাঁচানো সম্ভব হবে না। তাই রাজপথে সর্বাত্মক আন্দোলন দরকার। সরকার তাদের ফ্যাসিবাদ ধরে রাখতে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সহ সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে বন্দী করে রেখেছে। গায়েবি মামলায় ঝুলে আছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের লাখ লাখ নেতা কর্মী।
বক্তারা আরও বলেন, এভাবে মামলা দিয়ে বিএনপিকে আটকে রাখা যাবে না। একটি বিতর্কিত বানোয়াট নির্বাচন দিয়ে এই সরকার স্থায়ী হতে পারবে না তাদের পতন হবে বলেও দাবি করেন তারা।
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর কৃষকদলের আহ্বায়ক শাহ্ নেওয়াজ লেবু, মহিলা দলের সভানেত্রী রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর যুবদল নেতা ওয়াহেদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ।
