কন্দাল জাতীয় ফসল চাষ প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুরের জাজিরায় ৬০ জন কৃষক-কৃষাণীকে কন্দাল জাতীয় ফসল চাষের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মঙ্গল ও বুধবার যথাক্রমে উপজেলা পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় কৃষি অফিসের মিলনায়তনে দুই দিনব্যাপী চলে এই প্রশিক্ষণ প্রদান কার্যক্রম।
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক-কৃষাণীদের মধ্যে কন্দাল জাতীয় ফসল চাষের গুরুত্ব ও চাষাবাদের পদ্ধতিসহ খুটিনাটি বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) জনাব আবুল হোসেন মিয়া।
এছাড়াও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আরেক অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রিয়াজুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুসলিমা জাহান রুনিয়া প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওমর ফারুক। প্রশিক্ষণ শেষে উপস্থিত কৃষক-কৃষাণীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষণ শেষে এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক বলেন, ‘কন্দাল জাতীয় ফসল বলতে আলু, মিষ্টি আলু, লতিকচু, ওলকচু, মুখীকচু প্রভৃতির কথা বলা হয়েছে। জাজিরার মাটি কন্দাল ফসল চাষের জন্য যথেষ্ট উপযুক্ত। কন্দাল জাতীয় ফসলে পুষ্টিগুণ বেশি থাকে এবং প্রচলিত ফসলের তূলনায় অধিক লাভজনক এই ফসল। তাই আমরা এখানকার কৃষক-কৃষাণীদের দুই দিনব্যাপী কন্দাল জাতীয় ফসল চাষের এই প্রশিক্ষণ প্রদান করলাম।’
