সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষক নিহত
ছবি- সংগৃহীত
আলাদা বজ্রপাতের ঘটনায় মালেক নূর (৪৫) ও আব্দুন নুর (৪০) নামে দুজন কৃষক নিহত হওয়ায় ঘটনা ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলায়।
বজ্রপাতে নিহত মালেক নূর মধুরাপুর গ্রামের মৃত উকিল আলীর ছেলে এবং আব্দুন নুর কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এবং কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।
কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন ও ভাটিপাড়া ইউনিয়নের সদস্য এমদাদ চৌধুরী মিন্টু আলাদা বজ্রপাতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মালেক নুর হাওরে পাকা ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকাকালীন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে মালেক নুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মালেক নুরকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুন নুর হাওর থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিরাই থানার ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছি।’
