জামাইকে ঈদ উপহার দিতে না পারায় অভিমানে আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে গেল ঈদুল ফিতরে মেয়ে-জামাইকে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় কিনে দিতে না পারার অভিমানে জাহানারা (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ছাগলডাঙ্গী গ্রামে এ ঘটনা।
আজ সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। জাহানারা ওই গ্রামের বজির উদ্দীনের স্ত্রী।
জাহানারা বেগমের স্বজনদের কাছ থেকে জানা যায়, মেয়ে ও তাঁর স্বামীকে ঈদে কাপড়-চোপড় দিতে না পারায় পাঁচ দিন ধরে মন খারাপ ছিল তার। গতকাল বিকেল থেকে নাওয়া-খাওয়া বন্ধ করে দেন তিনি। চেষ্টা করেও তাঁকে কিছু খাওয়ানো সম্ভব হয়নি। না খেয়ে ঘুমিয়ে যান। আজ ভোরে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ঘরে গিয়ে দেখা যায় তিনি গলায় ফাঁস দিয়েছেন।
বৃদ্ধার বড় ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বছর অভাবের কারণে ঈদে জামাই, মেয়ে ও নাতিদের কাপড়চোপড় দিতে পারেননি মা। এজন্য একাধিকবার আফসোস করেছেন। গত রোববার মেয়েকে বলেই ফেলেছিলেন, এমন জীবন রাখবেন না তিনি। আজ তাই করলেন।’
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
