ধূমপানে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা
বগুড়ার শিবগঞ্জে ধূমপান করতে নিষেধ করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্র সিয়াম (১৬)। মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের চাপাচিন গ্রামের মো: আব্দুল মতিনের ছেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটান।
তিনি স্থানীয় কে এন্ড কে কেজি স্কুলের দশম শ্রেণির ছাত্র। জানা যায়, সিয়ামের অনার্স পড়ুয়া বড় বোন সিগারেট খাওয়ার বিষয় জানতে পারেন। এরপর ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে সিয়ামকে সিয়ামকে শুধরে যেতে বলেন।
এতে অভিমান করে সোমবার দিবাগত রাতের কোনো এক সময় পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে নিজ ঘরে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। পরদিন সকাল ৭ টার দিকে ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় সিয়ামকে দেখতে পায় তারা। পরে থানায় সংবাদ দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অব্দুর রউফ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
