গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
গাজীপুরে কালিয়াকৈর চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহমেদ।
নিহতারা হলেন আশুলিয়ার গোয়ালবাড়ি গ্রামের নূরুল ইসলাম খন্দকারের ছেলে সফিউদ্দিন খন্দকার (১৯) এবং নূরুল আমিন খন্দকারের ছেলে রায়হান খন্দকার (২২)। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার আকবর আলীর ছেলে বিল্লাল হোসেন (২৭)।
এলাকাবাসী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আশুলিয়ার গোয়ালবাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে একই এলাকার তিনজন যুবক কালিয়াকৈর বাজারের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি উপজেলার শেওড়াতলী এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেলে থাকা ২ জনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের পিও জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহত দুজনের লাশ হাসপাতালে রয়েছে। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহমেদ জানান, ‘খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অপরজনকে উন্নত চিকিৎসার নেয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
