চকরিয়ায় ৪ হাজার ৮শত পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
কক্সবাজারের চকরিয়ায় অভিনব কায়দায় পাচারকালে ৪ হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. করিম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (রোববার) বিকালে চকরিয়া পৌরসভার বাটাখালী ব্রিজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় ব্যবসায়ী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
করিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাজিমুরা এলাকার আলী আহমদের ছেলে।
থানা পুলিশ জানায়, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এক ব্যবসায়ী পেকুয়া উপজেলার মগনামাতে নিয়ে যাচ্ছিল এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে বাটাখালী ব্রীজের উপর চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়।
সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী মো. করিমকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তার কথামতো মোটর সাইকেলের ইঞ্জিনের ভেতরে অভিনব কায়দায় রাখা ৪ হাজার ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
চকরিয়া সার্কেলের এএসপি মো. রাকিব-উর-রাজা বলেন, ‘ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ব্যবসায়ী মো. করিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় জব্দ রয়েছে।’
