সেপটিক ট্যাংকে নেমে মালিক-সুইপারের মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে প্রাণ গেল বাড়ির মালিক ও এক সুইপারের। গতকাল রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন বাড়ির মালিক রিয়াদ হোসেন। সুইপারের নাম এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে রাখালিয়া এলাকায় পাটোয়ারী বাড়ির একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন সুইপার। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে আটকা পড়েন তিনি। পরে বাড়ির মালিক রিয়াদ তাকে উদ্ধার করতে গেলে সেও নিচে পড়ে যায়। এতে দুইজনেরই মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দুইজনের মৃতদেহ উদ্বার করে। ধারণা করা হচ্ছে যে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক ভেঙে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
