চুয়াডাঙ্গায় পহেলা বৈশাখ উদযাপিত
চুয়াডাঙ্গায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রাসহ পহেলা বৈশাখ পালিত হচ্ছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠ (ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) থেকে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার (ছেলুন) ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নেতৃত্বে এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। সবচাইতে দৃষ্টিনন্দন ছিল মহিষের গাড়িতে করে গ্রাম্য বর-বধুর যাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার (ছেলুন)। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান ।
আলোচনা সভা শেষে মুক্তমঞ্চে চুয়াডাঙ্গা বাউল একাডেমির পক্ষ থেকে ঐতিহ্যবাহি গ্রামীণ লাঠিখেলা ও জেলা শিল্পকলার আয়োজনে সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে মুক্তমঞ্চ চত্তরে ৩ দিন ব্যাপী গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে মৃৎশিল্পী, জামদানি শাড়ি, মিষ্টি, মিঠাই, গজা, ও পিঠাঘরসহ বিভিন্ন স্টল বেসেছে।
এদিকে আজ থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী বৈশাখী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
