রাজশাহীতে বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খান্দার পাড়া এলাকা থেকে বস্তাবন্দী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪টার সময় এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত মঙ্গলবার বেদেনা বেওয়া নামের ওই বৃদ্ধা নিজ বাসা থেকে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় পরের দিন মৃতের ছেলে রিপন আলী পুঠিয়া থানায় লিখিত অভিযোগ করেন। তারপর থেকে তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ। আজ বিকালে এলাকাবাসী বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, রাজশাহী থেকে সিআইডি গিয়ে লাশের নমুনা সংগ্রহ করেছে। মৃতের মুখে কসটেপ মারা ছিলো।
