মেহেরপুরের ষোলটাকা গ্রামে গিয়ে আবেগ-আপ্লুত রেলমন্ত্রী
‘এক সময় রেলটিকেট কালোবাজারি থাকলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা বন্ধ হয়েছে। আশা করি, চিরতরে কালোবাজারি বন্ধ হয়ে যাবে। শুক্রবার বিকালে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের স্মৃতি বিজড়িত স্থান মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এই ষোলটাকা গ্রামের কথা উল্লেখ করে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, যুদ্ধের সময় আমি এই ষোলটাকা গ্রামে রাতযাপনও করেছি। দেশ স্বাধীনতার বড় একটা ভূমিকা ছিল এই গ্রামের মানুষের। চুয়াডাঙ্গার দর্শনা হয়ে মুজিবনগর থেকে মেহেরপুর রেললাইন স্থাপনের অগ্রগতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, এ রেললাইন স্থাপন কাজ দ্রুত শুরু হবে। প্রক্রিয়া চলছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় রেলপথমন্ত্রী সড়ক পথে মেহেরপুরে আসলে মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।
এসময় জেলা পুলিশের পক্ষ থেকেও মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দুপুর ৩ টার দিকে মন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন। সবশেষে, তিনি মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের স্মৃতি বিজড়িত ষোলটাকা গ্রাম ও গ্রামসংলগ্ন নোনা বিল এলাকা পরিদর্শন করেন। পরে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতাকারী পরিবারের সদস্যরা মন্ত্রীর সাথে সাক্ষাত করেন।
