ফটিকছড়িতে বাসের ধাক্কায় কুরআনের দুই হাফেজের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর কুরআনের হাফেজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। সম্পর্কে তারা আপন খালাতো ভাই। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার কুম্বারপাড়া এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, নাজিরহাট পৌরসভার রাজ্জাক বাড়ির ওহিদুলের ছেলে আব্দুল্লাহ (১৫) ও দায়েম চৌধুরীর বাড়ির ইউসুফের ছেলে মোস্তাকিম (১৩)। আহতের নাম রাহাত (১৫)।
স্থানীয়রা জানান, সম্পর্কে আপন খালাতো ভাই এই তিন কিশোর মোটরসাইকেল নিয়ে এসিবি স্কুল এলাকায় সড়কে ইউটার্ন করার সময় পেছন থেকে বাসের ধাক্কা লাগে। পরে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া। দু’জন মারা যায়।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাকেশ ত্রিপুরা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থা তিনজনকে মেডিকেলে আনা হলে আব্দুল্লাহ নামের এক ছেলে মারা যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানোর পথে মোস্তাকিম নামের আরও একজন মারা যায়। অন্যদিকে, রাহাত সামান্য আহত হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাজিরহাট হাইওয়ে থানান উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে ধাক্কা দেয়। এতে দু’জন মারা যায়, তারা সম্পর্কে আপন খালাতো ভাই। আমরা বাস ও মোটরসাইকেল জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছে।
