‘পুলিশ বলে কিসের আওয়ামী লীগ, আমরাই সরকারকে টিকিয়ে রাখছি‘
‘দেশের সবকিছু নির্ধারণ করে পুলিশ। এখন আর আওয়ামী লীগ নাই, এটা এখন পুলিশ লীগ, এই রাষ্ট্রকে তারা গভীর পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। আইনের শাসন কোথাও নাই, পুলিশ সরাসরি বলে কিসের আওয়ামী লীগ, আমরাই তো সরকারকে টিকিয়ে রাখছি, বারবার বলে।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামে পুলিশ হেফাজতে নিহত উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেনের শোকসভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের আন্দোলন চলাকালে প্রায় ৩০জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭০০-৮০০শত নেতাকে গুম করে দেওয়া হয়েছে। গেল ২৮ অক্টোবরের আন্দোলনে ২৭ হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। পত্রপত্রিকায় পুলিশে সাবেক আইজিপি সম্পর্কে যা বের হয়েছে তা সব সত্য। হাজার হাজার কোটি টাকার মালিক।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ঈদ এবার আনন্দের হয়নি। যুবদল নেতা আকরামকে এই ভয়াবহ দানবীয় সরকার, দখলদারিত্বের সরকার, তার পুলিশ বাহিনী অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করেছে। এই অত্যাচার নির্যাতন করে তারা দেশ শাসন করছে। তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে বারবার ক্ষমতা দখল করে নিচ্ছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছি। এই সরকার পুলিশকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশেকে পরাধীন করে রেখেছে। আমরা আজ নিজ দেশে পরবাসী হয়েছি। আওয়ামী লীগ সরকার কোনদিনও জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। সব সময় মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করে ক্ষমতায় আছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা স্বাধীনভাবে বাঁচতে, স্বাধীনতার জন্যই লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নাই, এখন পুলিশলীগে পরিণত হয়েছে। পুলিশ বাহিনী অন্যায়ভাবে দলের ছেলেদের হত্যা করছে। এ সরকার বারবার ক্ষমতা দখল করে নিচ্ছে। অত্যাচার নির্যাতন করে তারা দেশ শাসন করছে। জনগণকে বোকা বানিয়ে, জনগণের পয়সা লুটে ব্যাংক বীমা সব লুট করছে। শুধু তাই নয়, তারা বিদেশে টাকা পাচার করছে। এখন আইনের শাসন কোথাও নাই।’
উল্লেখ্য, গেল ৭ই এপ্রিল রাতে জেলার হরিপুর উপজেলার দেহট্র গ্রাম যুবদল নেতা আকরাম হোসেনকে আটক করে পুলিশ। পরে সে অসুস্থ্যবোধ করলে পুলিশ ৮ এপ্রিল হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদানের জন্য নিলে সে মারা যায়। তবে পরিবারের অভিযোগ তাকে নির্যাতনের পর হাসপাতালে চিকিৎসা নিতে নিয়ে যায় পুলিশ। সময়মত চিকিৎসা না পাওয়া মৃত্যু হয় তার।
আকরাম হোসেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের তোয়াব আলীর ছেলে। তিনি হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচীব ছিলেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহতের বাসায় গিয়ে স্বজনদের সমবেদনা জানান। এসময় জেলা বিএনপির শীর্ষ নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
