ভাতিজাদের ঈদ সালামি দিয়ে জখম হলেন স্বামী
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ঈদের দিনে স্বামীকে দা দিয়ে আঘাত করে জখম করেছে রাশেদা বেগম নামের এক নারী। ভাতিজাদের ঈদ সালামি দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী উভয়ের ধ্বস্তাধস্তিতে ওই নারীও আঘাতপ্রাপ্ত হন বলে জানান স্থানীয় ইউপি সদস্য।
সূত্রমতে, বৃহস্পতিবার ঈদের দিনে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের পশ্চিম নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে। ভাতিজাদের ১০ টাকার পরিবর্তে ২০ টাকা ঈদ সালামি দেয়াকে কেন্দ্র করে ঝগড়ায় লিপ্ত হন তাইজুল ইসলাম (৪০) ও রাশেদা বেগম (৩৫) দম্পতি। ঝগড়ার এক পর্যায়ে তাদের উভয়ের মধ্যে ধ্বস্তাধস্তি হয়। এ সময় স্ত্রী রাশেদা দা দিয়ে তার স্বামী তাইজুলের ডান হাতে আঘাত করে। অপরদিকে রাশেদাও আঙুলে আঘাত পায়। তাইজুলকে প্রথমে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে রাশেদা হাতীবান্ধা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
আঘাতপ্রাপ্ত তাইজুল ইসলাম বলেন, ‘রাশেদা ভাতিজাদের ১০ টাকা করে ঈদ সালামি দিতে বলে। কিন্তু আমি ২০ টাকা করে দেয়ায় সে আমাকে আঘাত করেছে। আমি এ বিষয়ে মামলা করবো’।
নওদাবাস ইউনিয়নের ইউপি সদস্য বিজয় চন্দ্র বর্মন বলেন, ‘স্বামী-স্ত্রী উভয়েই এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। ধ্বস্তাধস্তির ফলে মেয়েটিও আঙুলে আঘাত পেয়েছে। তাদের দুজনের সাথে কথা না বলে আমি কোন মন্তব্য করতে রাজি না। তারা চাইলে আইনের আশ্রয় নিতে পারে’।
