শ্রীপুরে ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি
গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে (৩০) গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। ঈদের আগের দিন বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড (খাদিজাতুল কুবরা মাদ্রাসা) সংলগ্ন স্থনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত ব্যবসায়ী মোহাম্মদ আলী শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। সে কেওয়া বাজারে চাউল ও ফিড (খাদ্য) ব্যবসা করে।
ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া দুইটার দিকে চিৎকার শুনে তিনি বাড়ি থেকে বের হয়ে দেখেন ব্যবসায়ী মোহাম্মদ আলী রাস্তার পাশে পড়ে আছে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। তখন ওই ব্যবসায়ী জানান, তিনি কেওয়া বাজার থেকে রাত দু’টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। তার সাথে নগদ তিন লাখ টাকা ছিল। বাড়ির কাছাকাছি পৌঁছামাত্রই কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবকের সামনে গেলে তারা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার বাম হাতের বাহুতে বিদ্ধ হয়। তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে পশ্চিম দিকে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় রাত পৌনে ৩টার দিকে থানায় নিয়ে আসে। থানায় কর্তব্যরত কর্মকর্তা আহত ব্যবসায়ীকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দেয়। স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালের চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন রাখে।
স্থানীয়রা জানান, গত ৬ ফেব্রুয়ারি ভোর রাত পৌনে ৩ টায় শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার বাড়ীতে দুর্বত্তদের গুলি ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার ১৬ ঘণ্টা পর সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের (মুলাইদ) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সৌদি প্রবাসী মাহবুব আলম বাচ্চুর (৪২) বাড়িতে দুর্বত্তদের ছোড়া গুলিতে বাসার তৃতীয় তালায় জানালার কাঁচ ফুটো হয়ে যায়। ওই সময় আরেকটি গুলি একই এলাকার শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের প্রভাষক শিপুল খন্দকারের ভাড়াটিয়া আবু তাহাবীর বাসার জানালার গ্লাসে লাগলে ছিদ্র হয়ে যায়। শ্রীপুরের বিভিন্ন এলাকায় একাধিক গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ব্যবসায়ীর সাথে থাকা তিন লাখ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে গুলি করেছে। গুলি করার সাথে সাথে চিৎকার দেওয়ায় আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর ভোর রাতে এবং ঈদের দিন বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পুলিশ দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আমাদের মতো তদন্ত করতেছি। যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার কাছে তিন লাখ টাকা ছিল। ধারনা করা হচ্ছে, ওই টাকা নেওয়ার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়েছে। ব্যাবসায়ী বা তার স্বজনদের পক্ষ থেকে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি।
