পাবনায় ট্রাক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
পরকীয়া প্রেমের জেরে পাবনার আতাইকুলায় আব্দুর রউফ (৫০) নামে এক ট্রাক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে পুলিশ। ঈদ-উল ফিতরের দিন বৃহস্পতিবার ভোরে আতাইকুলার জোরাদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে।
নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, বুধবার সন্ধ্যা থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে তার মোবাইল সেটটিও বন্ধ পাওয়া যায়। আজ সকালে মানুষের কাছ থেকে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে তার মৃতদেহ পড়ে আছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকিয়ার জেরে রউফকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।
