রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায়
রংপুরে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কালেক্টরেট ময়দানে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। প্রধান জামাত উপলক্ষে সিটি করপোরেশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ঈদুল ফিতরের নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।
যদি ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকে তাহলে বিকল্প স্থান হিসেবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দুই ধাপে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। সেখানে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া পুলিশ লাইন্স মাঠে সকাল ৮টা, কামাল কাছনা বড় জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। রংপুর পুলিশ লাইন্স মাঠে রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ঈদের জামাতে নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
এছাড়া মুলাটোল হাফেজিয়া মাদরাসা মাঠ ও মুন্সিপাড়া ঈদগা মাঠে সকাল ৯টায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ, সদর উপজেলা পরিষদ মাঠ ও মাহিগঞ্জ শাহী মসজিদ মাঠ, কেরামতিয়া জামে মসজিদ মাঠে সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় আহলে হাদিসের জামাত শালবন মাঠে অনুষ্ঠিত হবে। সাতমাথা ঈদগা মাঠ, খাসবাগ, তাজহাট, রবাটসনগঞ্জ, তাতীপাড়া, শালবন, নুরপুর, বাবুপাড়া, জামতলা ঈদগা মাঠে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে
কালেক্টরেট ঈদগাহ মাঠের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সিটি করপোরেশনের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, সিটি করপোরেশনেরও সার্বিক তত্ত্বাবধানে কয়েক দিন থেকে মাঠের কাজ চলছে। রোদ-বৃষ্টির থেকে মুসল্লিদের বাঁচাতে ময়দানজুড়ে শামিয়ানা টাঙানো হয়েছে।
এদিকে রংপুর কালেক্টরেট ঈদগাহে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় ২০-২৫ হাজার মুসল্লি ঈদ জামাতে নামাজ আদায় করবেন।
এ ছাড়া প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ বছর রংপুর মহানগরীর ৭৫টিসহ জেলার প্রায় ১ হাজার ২০০ ঈদগাহ মাঠে জামাত আদায় করবেন মুসল্লিরা।
