বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ-এর গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন দুই যুবক
ফাইল ছবি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি সীমান্তের ৯১৩ নম্বর মেইন পিলার এলাকায় গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এসময় বাংলাদেশি দুই যুবক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
ওই দুই যুবক সীমান্তের এপারে অর্থ্যাৎ বাংলাদেশের অভ্যন্তরে তাদের গৃহপালিত ছাগল চরাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। ভুক্তভোগী বাংলাদেশি যুবকরা হলেন, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এনামুল হক (২৮) ও একই এলাকার বাবর আলীর ছেলে ইন্টু মিয়া(৩০)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের পর ওই দুইজন যুবক বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে যায়। এসময় হঠাৎ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া দিলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এরপর ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমানার অভ্যন্তরে প্রবেশ করে এক রাউন্ড গুলি চালায়। কিন্তু দুই যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোন গুলি লাগেনি। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি এক ইউপি সদস্যের মাধ্যমে জেনেছি। ঘটনাটি আমরা বিজিবিকে অবগত করেছি’।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, ‘এ ঘটনাটির বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।’
