ঝিনাইদহে সংঘর্ষে যুবক নিহত
ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত আক্তার হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আক্তার আড়পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সংঘর্ষের ঘটনায় সোমবার দিবাগত রাতে কালীগঞ্জ থানায় দুই গ্রুপ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। ২১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন রুবেল হোসেন। অন্যদিকে, ৮ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেন শেফালি বেগম।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ জানান, সোমবার বিকালে উপজেলার নদীপাড়া এলাকায় পুরাতন লোহার জিনিসপত্রের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের দোকানে এক শিশুকে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শহরের নদীপাড়া এলাকায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন ও পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল গ্রুপের অন্তত ৮ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো।
তার মধ্যে আক্তার হোসেন নামের একজনের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গেছেন তিনি। এলাকায় উত্তেজনা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
