করতোয়ায় মাছ ধরার সময় পাওয়া গেলো বস্তাভর্তি অস্ত্র
বগুড়ার করতোয়া নদীতে মাছ ধরার সময় জালে উঠেছে বস্তাভর্তি অস্ত্র। মঙ্গলবার দুপুর শহরের উত্তর সাহাপাড়া মহল্লায় নদী থেকে এসব উদ্ধার করা হয়। পরে সেগুলো থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এলাকাবাসী জানান। উদ্ধার হওয়া ৩৫টি অস্ত্রের মধ্যে আছে রয়েছে দু’টি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, চারটি ধারাল ছোরা, একটি চাপাতিসহ দেশীয় ছোট–বড় মোট ২৬টি চাকু।
এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম (রেজা)। তিনি বলেন, ৪-৫ জন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। নদীর কিনারে তুলে বস্তার মুখ খুললে ভেতরে দেশীয় ধারাল অস্ত্রগুলো পাওয়া যায়। এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।
তিনি আরও বলেন, কারা বস্তাভর্তি এসব ধারালো অস্ত্র পানিতে ফেলেছে তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে৷ তবে অস্ত্রগুলোকে পরিত্যক্ত হিসেবে পুলিশ জব্দ করে থানা হেফাজতে রেখেছে।
