মোটরসাইকেলের ট্যাংকিতে তেলের বদলে ফেনসিডিল
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরবাইকের ট্যাংকের ভেতরে লুকিয়ে পাচার করা হচ্ছিলো ফেনসিডিল। সোমবার দুপুরে উপজেলার নাওমারার মাঠ এলাকা থেকে সেই চালান থেকে শাহীন (৪৭) নামে এক মাদক কারবারিকে ৮১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শাহীন এর বাড়ি মানিকগঞ্জ জেলায়।
পুলিশ জানায়, তাদের একটি দল সোমবার দুপুরে উপজেলার নাওমারার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করছিল। তখন একটি মোটরসাইকেল আরোহী সেখান থেকে চলে যেতে চায়। এসময় পুলিশ তাকে থামতে বলে। পরে তল্লাশি করে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে রাখা ফেনসিডিল দেখতে পায়। এ সময় লুকিয়ে রাখা ৮১ বোতল ফেনসিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
