ঝিনাইদহে দেড়শ’ ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা
ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামের কৃষক শহিদুল ইসলামের দেড়শত ফলন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গত শনিবার বিকালে ওই এলাকার গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন কৃষক শহিদুল ইসলামের সাথে তার ভাই মসলেম উদ্দিনের জমি নিয়ে চলছিলো বিরোধ। জমিজমার কোন্দলে শনিবার বিকেলে মসলেম উদ্দিন সহযোগীদের নিয়ে তার ভায়ের ৯ শতক জমির দেড়শ’ ফলন্ত পেয়ারাগাছ কেটে দেয়। কিছুদিন হলো মাত্রই গাছ থেকে পেয়ারা বিক্রি শুরু করেছেন। এছাড়াও তার ১৪’শ জমিতে বপন করা দেড় মাস বসয়ী মাসকলাই’র জমি চষে দিয়ে দখল করে নিয়েছে মসলেম উদ্দিন।
ভুক্তভোগী ওই কৃষক বলেন, আমার জমিতে আমি অনেক কষ্ট করে পেয়ারা লাগিয়েছিলাম। পেয়ারা গাছের বয়স ৩ বছর। কিছুদিন হলো আমি পেয়ারা বিক্রি শুরু করেছি। এটাই ছিল আমার একমাত্র আয়ের উৎস। ওরা শত্রুতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে আমি এর বিচার চাই।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, কাটা গাছ নিয়ে একজন থানায় অভিযোগ দিতে এসেছিলেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এলাকায় পুলিশ পাঠানোর পর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
