গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দ্রুতগামী কোচের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম রায়হান আকন্দ (৩৫)। তিনি উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস আকন্দের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে অটোরিকশা চালক রায়হান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে যাত্রী নামিয়ে দেয়। এরপর অটোরিকশা মহাসড়কের উপর ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস অটোরিকশাটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক রায়হানকে উদ্ধার করে । এরপর তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে । তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
