ভিজিএফ’র চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, সাংবাদিকে শাসালেন পৌর মেয়র
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে ভিজিএফ’র খাদ্য শস্যের চাল বিতরণে ওজনে কম দেওয়া অভিযোগ ওঠেছে ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ সময় স্থানীয় সংবাদকর্মীরা চাল বিতরণের ছবি ধারণ করতে গেলে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা মেজাজ হারিয়ে সাংবাদিকদের লাঞ্চিত করেন।
সরজমিনে গিয়ে জানা গেছে, রোববার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভায় ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ১০ কেজির স্থলে ৯ থেকে সাড়ে ৯ কেজি করে চাল বিতরণ করেছেন পৌর কর্তৃপক্ষ। এমন অভিযোগ কার্ডধারীদের।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু কার্ডধারীদের ৯ থেকে সাড়ে ৯ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া গরিব অসহায়দের না দিয়ে ভিজিএফের কার্ড দেওয়া হয়েছে বিত্তবানদেরও। এমন অভিযোগ চাল নিতে আসা সুবিধাভোগীদের।
এদিকে এমন খবর পেয়ে ছবি ধারণ করতে গেলে মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার ছেলে বাধন ইসলাম সংবাদকর্মীদের ক্যামেরা-মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভিডিও ডিলিট করার জন্য বিভিন্ন হুমকি-ধামকি দেন।
পরে ভুক্তভোগীরা প্রতিবাদ জানালে মেয়র তেড়ে এসে হাতাহাতি ও ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে লাঞ্চিতের স্বীকার হন সিএনএন-এর সংবাদকর্মী আব্দুল আওয়াল। এসময় পরিবেশ উত্তপ্ত হলে সাময়িকভাবে চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। পরে সংবাদকর্মীরা ফিরে গেলে আবারও চাল বিতরণ করা হয় সুবিধাভোগীদের।
তবে মেয়রের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। তারা বলছেন, মেয়রের এ ধরনের আচরণ মোটেও আশা করা যায় না। তিনি মেয়র, গুন্ডা নন। কেউ গোণ্ডগোল সৃষ্টি করলে তিনি তা সমাধান করবে। তা না করে মেয়র নিজেই মারামারিতে অংশ নিচ্ছেন।
তারা আরও বলেন, চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া উচিৎ ছিলো। কিন্তু তিনি যেভাবে সংবাদকর্মীদের সাথে আচরণ করলেন তাতে পৌরবাসী হতাশ। আর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, চাল ওজনের কম দেওয়ার অভিযোগ পেয়েছি।
এ বিষয়ে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম জানান, ওজনে কম দেয়ার অভিযোগ শুনে দ্রুত পৌরসভায় ছুটে আসি। পরে ১০ কেজি পূরণ করে তালিকাভুক্তদের চাল বিতরণ করা হয় বলে দাবি তার।
পৌরসভা সুত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১জন ভিজিএফ কার্ডধারীর জন্য চাল বরাদ্দ দেওয়া হয়।
